ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে মিশরের বিতর্কিত পরাজয় নিয়ে মন্তব্য করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি দাবি করেছেন, ম্যাচটিতে মিশরকে ‘ডাকাতি’ করে হারানো হয়েছে এবং আফ্রিকান দেশটির প্রতি নিজের সমর্থনও প্রকাশ করেছেন।
মঙ্গলবার (৭ জুলাই) অনুষ্ঠিত রুদ্ধশ্বাস ম্যাচে আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। তবে ম্যাচের কয়েকটি রেফারিং সিদ্ধান্ত ঘিরে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। ম্যাচ শেষে মিশরের কোচ ও খেলোয়াড়রা অভিযোগ করেন, একাধিক বিতর্কিত সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে।
বুধবার (৮ জুলাই) নিউ ইয়র্কে গণপরিবহন উন্নয়নবিষয়ক এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ফুটবল প্রসঙ্গ টেনে আনেন মেয়র জোহরান মামদানি। তিনি বলেন, নতুন উদ্যোগের ফলে মানুষ যে অতিরিক্ত সময় পাবে, তা পরিবার-পরিজনের সঙ্গে কাটাতে পারবে কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডায় বসে বলতে পারবে—‘গতকাল মিশরকে নিশ্চিতভাবে ডাকাতি করে হারানো হয়েছে।’
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রসিকতার ছলে তিনি বলেন, অতিরিক্ত ছয় মিনিট সময় পেলে তিনি মিশরের বাতিল হওয়া গোলের রিপ্লে বারবার দেখতেন। একই সঙ্গে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবস্থার সমালোচনাও করেন তিনি।
ম্যাচের দ্বিতীয়ার্ধে মিশরের ফরোয়ার্ড মোস্তফা জিকোর করা একটি গুরুত্বপূর্ণ গোল ভিএআর পর্যালোচনার পর বাতিল করা হয়। আক্রমণের আগে ফাউলের অভিযোগে গোলটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়, যা ম্যাচ শেষে ফুটবল অঙ্গনে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। মিশর শিবিরের দাবি, ওই সিদ্ধান্তই ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রেখেছে।