৬ ঘণ্টার পথ ১৪ ঘণ্টায়, ম্যাকাইয়ে পৌঁছে কেমন আছেন বাংলাদেশের ক্রিকেটাররা

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১৩:১১
৬ ঘণ্টার পথ ১৪ ঘণ্টায়, ম্যাকাইয়ে পৌঁছে কেমন আছেন বাংলাদেশের ক্রিকেটাররা


২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে প্রথম টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারীরা।


আগামী ২২ আগস্ট ম্যাকাইয়ে শুরু হবে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্ট। তবে ডারউইন থেকে ম্যাকাইয়ে যাওয়ার পথে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে বাংলাদেশ দলকে। ফ্লাইট বিলম্বের কারণে প্রায় ছয় ঘণ্টার যাত্রায় সময় লেগেছে সাড়ে ১৪ ঘণ্টা।


বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন একটি জাতীয় দৈনিককে এ তথ্য জানিয়েছেন। তবে দীর্ঘ ও ক্লান্তিকর ভ্রমণ নিয়ে কোনো অভিযোগ করেননি তিনি।


ডারউইন অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে এবং ম্যাকাই কুইন্সল্যান্ড রাজ্যে অবস্থিত। আকাশপথে দুই শহরের দূরত্ব প্রায় ২ হাজার ২০০ কিলোমিটার।


মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে টিম হোটেল থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হয় বাংলাদেশ দল। সকাল ৭টায় ম্যাকাইয়ের উদ্দেশে বিমানে ওঠেন ক্রিকেটাররা। ফ্লাইটে বিলম্বের পর বিমানটি ম্যাকাইয়ে পৌঁছায় সন্ধ্যা ৭টার দিকে। এরপর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে হোটেলে পৌঁছাতে আরও প্রায় এক ঘণ্টা সময় লাগে।


দীর্ঘ ভ্রমণের পর দলের সবাই ভালো আছেন বলে জানিয়েছেন হাবিবুল বাশার সুমন।


তিনি বলেন, ‘আমরা ম্যাকাইয়ে পৌঁছেছি। ভ্রমণটা অনেক দীর্ঘ ছিল। ভোর সাড়ে ৫টার সময় হোটেল থেকে বের হয়েছি। ৭টায় ফ্লাইট ছিল। ম্যাকাইয়ের হোটেলে পৌঁছাতে রাত ৮টা বেজেছে। লম্বা ভ্রমণ। কিন্তু সবাই ভালো আছি। কোনো অভিযোগ নেই। আলহামদুলিল্লাহ।’


বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় টেস্ট অভিষেক হবে। এরই মধ্যে ম্যাচের প্রথম দুই দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। এর আগে এই ভেন্যুতে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হয়েছে।


ম্যাকাই টেস্টে হার এড়াতে পারলেই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ।



একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য