‘আসিয়ান কাপে চমকে দেওয়ার সামর্থ্য আছে বাংলাদেশের’

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১৪:৩৭
‘আসিয়ান কাপে চমকে দেওয়ার সামর্থ্য আছে বাংলাদেশের’


ভারত নাম প্রত্যাহার করে নেওয়ায় ফিফা আসিয়ান কাপে খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা তৈরি হয়েছে।


আগামী সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতে প্রতিটি দেশ দুই থেকে চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাবে। বাফুফে এই সময়ে অন্তত তিনটি ম্যাচ খেলার পরিকল্পনা করেছিল। ফিফা আসিয়ান কাপে অংশ নিলে সেই লক্ষ্য পূরণের পাশাপাশি সর্বোচ্চ চারটি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ।


প্রতিযোগিতাটি প্রিমিয়ার ডিভিশন ও চ্যালেঞ্জ ডিভিশন—এই দুই বিভাগে অনুষ্ঠিত হবে। প্রিমিয়ার ডিভিশনে থাকা আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলাদেশ খেললে ‘এ’ গ্রুপে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সঙ্গে খেলবে।


বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ টমাস ডুলি আজ সাংবাদিকদের বলেন, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো দলের বিপক্ষে খেলা বাংলাদেশের জন্য দারুণ পরীক্ষা হবে।


তিনি বলেন, ‘এই টুর্নামেন্টে নামলে আমরা অবশ্যই আন্ডারডগ হিসেবেই মাঠে নামব, এতে কোনো সন্দেহ নেই।’


তবে আন্ডারডগ হিসেবে মাঠে নামার একটি সুবিধাও দেখছেন ডুলি। তার মতে, প্রতিপক্ষকেই প্রমাণ করতে হবে যে তারা বাংলাদেশের চেয়ে ভালো। বাংলাদেশের কাজ হবে মাঠে তাদের সামলে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলা।


ডুলি বলেন, ‘খেলোয়াড়রা যদি শতভাগ শারীরিকভাবে প্রস্তুত থাকে, তাহলে প্রতিপক্ষকে চমকে দেওয়ার মতো সামর্থ্য আমাদের আছে।’


গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। এরপর দুই গ্রুপের শীর্ষ দুটি দল ফাইনালে মুখোমুখি হবে। বাংলাদেশ ফাইনালে উঠতে পারলে চারটি ম্যাচ খেলার সুযোগ পাবে। ফাইনালে উঠতে না পারলেও স্থান নির্ধারণী ম্যাচ খেলার সুযোগ থাকবে।


টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ১০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ২৬ লাখ টাকা।


ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের আগে ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতির মঞ্চ হতে পারে বলে মনে করছেন টমাস ডুলি। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলার বিষয়ে তিনি বলেন, ‘ওরা খুবই শক্তিশালী দল। ওদের বিপক্ষে খেললে আমরা নিজেদের ভুলগুলো শনাক্ত করতে পারব এবং শিখতে পারব। ম্যাচগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি একটি তাৎপর্যপূর্ণ টুর্নামেন্ট।’


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য