পাঠ্যপুস্তকে ক্রীড়াকে অন্তর্ভুক্ত করার পাশাপাশি খেলোয়াড়দের জন্য অবসরকালীন সরকারি ভাতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, তরুণদের মেধা ও প্রতিভার বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই।
শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের তারুণ্যনির্ভর, সমৃদ্ধ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে খেলাধুলাকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে।
বগুড়ার ক্রীড়াঙ্গনের উন্নয়নের কথা তুলে ধরে তিনি জানান, জেলার ১৩টি উপজেলায় ১৩টি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। এ ছাড়া তিনমাথা রেলস্টেশনের পাশে ৬০ বিঘা জমির ওপর ১২০ কোটি টাকা ব্যয়ে ‘আরাফাত রহমান কোকো ন্যাশনাল প্যারা স্পোর্টস ভিলেজ’ নির্মাণ করা হবে।
তিনি আরও জানান, জেলার ১১৫টি ইউনিয়নে সরকারি উদ্যোগে খেলার মাঠ প্রস্তুত করে দেওয়া হবে।
বগুড়ার ক্রীড়া ঐতিহ্যের কথা উল্লেখ করে মীর শাহে আলম বলেন, এই জেলার মাটি থেকে জাতীয় পর্যায়ে অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে এসেছেন। সারা বছর খেলাধুলার পরিবেশ বজায় রাখতে আগামী ৯ থেকে ১১ সেপ্টেম্বরের মধ্যে জাতীয়ভাবে স্কুল, কলেজ ও মাদ্রাসার টুর্নামেন্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, কাজী রফিকুল ইসলাম ও সুরাইয়া জেরিন। এ সময় বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন এবং জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকিরসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী আয়োজনে অন্তত ১৫ হাজার ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় সারিয়াকান্দি উপজেলা দল ও দুপচাঁচিয়া উপজেলা দল মুখোমুখি হয়। টাইব্রেকারে সারিয়াকান্দিকে ৫-৪ গোলে হারিয়ে জয় পায় দুপচাঁচিয়া উপজেলা দল।