যুক্তরাষ্ট্র-ইরানের ‘বন্ধুত্বপূর্ণ’ আলোচনা চলছে, হামলা আপাতত স্থগিত: ট্রাম্প

দে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৫:২৯
যুক্তরাষ্ট্র-ইরানের ‘বন্ধুত্বপূর্ণ’ আলোচনা চলছে, হামলা আপাতত স্থগিত: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে এবং দুই দেশের মধ্যে চলমান আলোচনা ইতিবাচক পর্যায়ে রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, কূটনৈতিকভাবে সমাধানের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে আলোচনা ব্যর্থ হলে সামরিক অভিযান আবারও শুরু হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৭ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমাদের মধ্যে ভালো আলোচনা হচ্ছে। আমার মনে হয়, কিছু একটা ঘটার ভালো সম্ভাবনা আছে। যদি তা না হয়, তাহলে আমরা দুদিন আগে যা করছিলাম, সেখানেই ফিরে যাব। তবে দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এই মুহূর্তে খুবই বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে।”

অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই পক্ষের মধ্যে এখনও বার্তা আদান-প্রদান চলছে এবং ইরান কূটনীতির পথ থেকে সরে আসেনি। তবে যুক্তরাষ্ট্রের অনুরোধে নতুন করে আলোচনার খবরকে তিনি “ভিত্তিহীন” বলে উল্লেখ করেন।

জুলাইয়ের শুরুতে হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্র ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে বিমান অভিযান শুরু করে। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

টানা ১৩ দিন পাল্টাপাল্টি হামলার পর গত ২৫ জুলাই মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করে। এরপর থেকে ইরানও পাল্টা হামলা বন্ধ রেখেছে।

সম্প্রতি রয়টার্সকে ইরানের এক কর্মকর্তা জানান, যুদ্ধ শুরুর পর থেকেই তেহরান “হামলার বদলে হামলা” নীতি অনুসরণ করছে। ফলে যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে ইরানও সামরিক অভিযান স্থগিত রাখবে—এ বার্তা ওয়াশিংটনকে ইতোমধ্যে জানানো হয়েছে।

তবে উল্লেখ্য, এর আগে ২৬ জুন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে শান্তি সংলাপ শুরু করার কোনো পরিকল্পনা তেহরানের নেই।

সূত্র: রয়টার্স

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য