জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় তার নিজ নির্বাচনী এলাকা ভোলার লালমোহনে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল-পরবর্তী সমাবেশে লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল বলেন, লালমোহনের গর্বিত সন্তান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা হচ্ছে। একই সঙ্গে তিনি লালমোহনবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, হাফিজ উদ্দিন আহমদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ উপলক্ষে এবং তার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় শনিবার জোহরের নামাজের পর স্থানীয় মসজিদগুলোতে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টুসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।