সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ বাংলাদেশি প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (৯ আগস্ট) সৌদি আরবের প্রবাসী কল্যাণবিষয়ক সংশ্লিষ্ট সূত্র ও আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, রোববার ওই সোফা কারখানায় আকস্মিক আগুন ছড়িয়ে পড়লে ভেতরে অন্তত ১৭ বাংলাদেশি শ্রমিক আটকা পড়েন। নিহতদের বেশিরভাগই বাংলাদেশের নওগাঁ জেলার আত্রাই উপজেলার বাসিন্দা বলে সহকর্মীরা জানিয়েছেন। তারা দীর্ঘদিন ধরে রিয়াদের ওই কারখানায় কর্মরত ছিলেন।
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার অভিযান শুরু করে।
রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস নিহতদের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে। উদ্ধার অভিযান পুরোপুরি শেষ না হওয়া এবং কয়েকজন শ্রমিক গুরুতর দগ্ধ হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।