সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১২:৫৯
সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

শনিবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাটি সিরিয়ার দেইর এজ-জর ও রাজধানী দামেস্কের মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ মহাসড়কে ঘটে। ৪০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই সড়কটি পূর্বাঞ্চলীয় সিরিয়ার সঙ্গে রাজধানী দামেস্কের প্রধান যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা (SANA) জানিয়েছে, দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হোমসের একটি সামরিক হাসপাতালে নেওয়া হয়। এ কাজে ঘটনাস্থলে একাধিক হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়।

কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। তবে তাৎক্ষণিকভাবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।

উল্লেখ্য, এক দশকেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের কারণে সিরিয়ার সড়ক ও অন্যান্য বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, দুর্বল অবকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থার কারণে দেশটির বিভিন্ন মহাসড়কে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য