কে সাংবাদিক এবং কে সাংবাদিক নন, তা নির্ধারণের জন্য একটি যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির ৩৪তম সভা এবং নবগঠিত কমিটির প্রথম বৈঠকে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী কমিটির সদস্যদের উদ্দেশে বলেন, প্রতিটি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংবিধান, প্রচলিত আইন এবং বিধি-বিধানের যথাযথ প্রতিফলন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দূরদর্শিতা, প্রজ্ঞা এবং সর্বোচ্চ সংখ্যক মানুষকে অন্তর্ভুক্ত করার মানসিকতা নিয়ে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান তিনি। সিদ্ধান্তগুলো যেন সর্বজনগ্রাহ্য হয়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন মন্ত্রী।
জহির উদ্দিন স্বপন বলেন, রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে নয়, বরং জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে সব নাগরিকের প্রতি সমান দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, গণমাধ্যম একটি বহুমাত্রিক ক্ষেত্র, যেখানে বিভিন্ন মত, দৃষ্টিভঙ্গি ও চিন্তার মানুষের সহাবস্থান রয়েছে। তাই সংকীর্ণ বা পক্ষপাতমূলক নয়, বরং অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত গ্রহণই হওয়া উচিত।
তথ্যমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক নেতৃত্বের প্রকৃত সক্ষমতা কঠিন ও সংবেদনশীল পরিস্থিতিতেও গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়ার মধ্যেই নিহিত। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় রাষ্ট্রের অন্যতম রাজনৈতিকভাবে সংবেদনশীল মন্ত্রণালয় উল্লেখ করে তিনি বলেন, এখানে সামান্য ভুল সিদ্ধান্তও ভবিষ্যতে বড় রাজনৈতিক ও সামাজিক প্রভাব ফেলতে পারে। তাই তাৎক্ষণিক পরিস্থিতির পাশাপাশি দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নিতে হবে।
সভায় প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদের সভাপতিত্বে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. শাহ আলমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।