বগুড়াকে পরিকল্পিত, আধুনিক ও টেকসই নগর হিসেবে গড়ে তুলতে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
আইনটি কার্যকর হলে চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্য এবং বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ নামে একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান গঠন করা হবে। প্রতিষ্ঠানটি পর্যায়ভিত্তিক মহাপরিকল্পনা, উন্নয়ন পরিকল্পনা ও স্থানীয় পরিকল্পনা প্রণয়ন, অনুমোদন এবং বাস্তবায়নের দায়িত্ব পালন করবে। এসব পরিকল্পনা চূড়ান্ত করার আগে গণশুনানি ও বিধিবদ্ধ প্রক্রিয়া অনুসরণ করা হবে।
আইন অনুযায়ী, কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো নতুন নির্মাণকাজ বা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা যাবে না। এছাড়া পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে নদী-নালা, খাল-বিল, জলাশয়, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান সংরক্ষণে কঠোর পরিবেশগত বিধান রাখা হয়েছে।
খসড়া আইনে ভূমি পুনর্বিন্যাস (Land Readjustment) ও ভূমি পুনঃউন্নয়নের (Land Redevelopment) মতো আধুনিক ভূমি ব্যবস্থাপনার ব্যবস্থাও অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে ভবিষ্যৎ নগর উন্নয়ন আরও সুশৃঙ্খল ও টেকসইভাবে বাস্তবায়ন করা যায় ।