২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। এর ফলে বিশ্বচ্যাম্পিয়ন দলের পরিচয় বহনকারী সোনালি ‘ফিফা চ্যাম্পিয়ন্স ব্যাজ’ আর আর্জেন্টিনার জার্সিতে থাকবে না। এখন থেকে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের জার্সিতেই যুক্ত হবে সেই বিশেষ প্যাচ।
তবে আর্জেন্টিনার জার্সি একেবারে প্যাচবিহীন থাকছে না। ২০২৪ সালের কোপা আমেরিকা জয়ের স্মারক হিসেবে দলটি এখন থেকে ‘কোপা আমেরিকা চ্যাম্পিয়ন’ প্যাচ ব্যবহার করবে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সেই আসরের ফাইনালে লাউতারো মার্তিনেজের শেষ মুহূর্তের গোলে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল আলবিসেলেস্তেরা।
এর আগে ২০২১ সালে মারাকানায় কোপা আমেরিকা জয়ের পর ২০২২ বিশ্বকাপের আগে পর্যন্তও আর্জেন্টিনা একই ধরনের কোপা চ্যাম্পিয়ন প্যাচ ব্যবহার করেছিল। এমনকি ২০২৪ সালের কোপা আমেরিকাতেও তারা বিশ্বচ্যাম্পিয়ন ব্যাজের পরিবর্তে কোপা জয়ের প্যাচ পরেই মাঠে নেমেছিল।
বিশ্বকাপ ফাইনালের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার নতুন জার্সির একটি নকশা ফাঁস হয়। সেখানে দলের লোগোর ওপরে সম্ভাব্য চতুর্থ বিশ্বকাপ শিরোপার প্রতীক হিসেবে চারটি তারকা এবং প্রতিটি তারকার নিচে বিশ্বজয়ের সাল উল্লেখ করা ছিল। তবে ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের ফলে সেই চার তারকার বিশেষ জার্সি আপাতত বাস্তবায়ন হচ্ছে না; এটি এখন কেবলই একটি পরিকল্পনা ও স্মৃতির অংশ হয়ে রইল।