মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছাপ্রণোদিত, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে আসিয়ানভুক্ত দেশগুলোর প্রতি আন্তর্জাতিক উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ৩৩তম আসিয়ান রিজিওনাল ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব জটিল ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ ও অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এ প্রেক্ষাপটে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পারস্পরিক সংলাপ, কূটনৈতিক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক আইন কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে ড. খলিলুর রহমান বলেন, বাংলাদেশ প্রায় এক দশক ধরে ১৩ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। এর ফলে সীমান্ত নিরাপত্তা, আন্তঃসীমান্ত অপরাধ এবং সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।
তিনি বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাজনৈতিকভাবেই সম্ভব। এজন্য রাখাইন রাজ্যে প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ সৃষ্টি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা অপরিহার্য।
পররাষ্ট্রমন্ত্রী একই সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সাইবার নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ খাতে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান।