এমপি গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি দিয়েছে জামায়াত

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১২:২৬
এমপি গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি দিয়েছে জামায়াত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে নৈতিক স্খলনের অভিযোগে দল থেকে বহিষ্কারের বিষয়টি জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত পৃথক চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের বিষয়ে দলীয় সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, গত ২২ জুলাই (বুধবার) বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

চিঠিতে গাজী নজরুল ইসলামের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের প্রতিও আহ্বান জানানো হয়েছে।

এর আগে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, শুধুমাত্র দল থেকে বহিষ্কারের ভিত্তিতে কোনো সংসদ সদস্যের পদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া যায় না। তিনি বলেন, আইন অনুযায়ী কোনো সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে তার সদস্যপদ শূন্য হওয়ার বিষয়টি প্রযোজ্য হতে পারে। তবে দল থেকে বহিষ্কার করা হলে সংবিধান অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে সংসদ সদস্যের পদ বাতিল হয় না।

তিনি আরও জানান, জাতীয় সংসদের স্পিকারের কাছ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন ও সংবিধান অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, গত সোমবার রাতে গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার পর দলীয় তদন্ত শেষে তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য