ফ্যাসিবাদের শেষ চিহ্ন বিদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে: বিরোধীদলীয় নেতা

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১৫:৫৪
ফ্যাসিবাদের শেষ চিহ্ন বিদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে: বিরোধীদলীয় নেতা

সরকারকে উদ্দেশ করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদের ভেতরে ও বাইরে তাদের রাজনৈতিক লড়াই অব্যাহত রয়েছে। জনগণের মুক্তি নিশ্চিত করা এবং ফ্যাসিবাদের শেষ চিহ্ন বাংলাদেশ থেকে বিদায় না হওয়া পর্যন্ত এ লড়াই চলবে বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর মিরপুরে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের রায়কে অবমূল্যায়ন করা উচিত নয়। যারা অতীতে জনগণের রায়কে অস্বীকার করেছে, ইতিহাসে তাদের কঠিন মূল্য দিতে হয়েছে। তিনি সরকারের প্রতি বাস্তবতা মেনে নিয়ে জনগণের মতামতের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান এবং বলেন, জনগণকে সম্মান করলে জনগণও সরকারকে সম্মান ও গ্রহণ করবে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের বিষয়ে সরকারের একক দায়িত্ব রয়েছে। তার দাবি, দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলেও নির্বাচনের পর সরকার গণভোটকে অবৈধ বলছে। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, গণভোট যদি অবৈধ হয়, তাহলে সংসদ নির্বাচন কীভাবে বৈধ হতে পারে।

বিরোধীদলীয় নেতা আরও অভিযোগ করেন, যাদের আত্মত্যাগের মাধ্যমে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে, সেই জুলাইযোদ্ধাদের প্রতি সরকার যথাযথ দায়িত্ব পালন করছে না। একই সঙ্গে তিনি জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ীদের দ্রুত বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য