কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগ তুলে এর প্রতিবাদ জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। দলের অনুমতি পেলে এ ঘটনায় মানহানির মামলা করবেন বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারায় নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন ফরিদা ইয়াসমিন।
তিনি বলেন, আমির হামজা একজন সংসদ সদস্য এবং তিনিও একজন সংসদ সদস্য। প্রত্যেক জনপ্রতিনিধিরই নিজস্ব মর্যাদা ও সম্মান রয়েছে। একজন নারীর সঙ্গে সম্মানজনকভাবে কথা বলাকে রাজনৈতিক সংস্কৃতি, ভদ্রতা ও শিষ্টাচারের অংশ হিসেবেও উল্লেখ করেন তিনি।
ফরিদা ইয়াসমিনের ভাষ্য, জনপ্রতিনিধিদের কথাবার্তা ও আচরণের একটি নির্দিষ্ট সীমা থাকা উচিত। সমাজের মানুষ জনপ্রতিনিধিদের আচরণ পর্যবেক্ষণ করেন। আমির হামজা তাকে এবং তার দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে যে মন্তব্য করেছেন, তা মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি।
এ ঘটনায় করণীয় নির্ধারণের বিষয়টি দলের ওপর ছেড়ে দিয়েছেন জানিয়ে ফরিদা ইয়াসমিন বলেন, তাকে ও তার দলের নেতৃত্বকে তাচ্ছিল্য ও অপমান করার অভিযোগের উপযুক্ত বিচার চান তিনি। দল অনুমতি দিলে আমির হামজার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে আমির হামজার বক্তব্যের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে এবং সন্ধ্যায় ভেড়ামারা উপজেলায় ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা। এ সময় তারা আমির হামজার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
সম্প্রতি কুষ্টিয়ার দৌলতপুরে একটি সভায় আমির হামজার দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে এ বিতর্কের সূত্রপাত হয়।
ওই বক্তব্যে আমির হামজা বলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত নন। একই সঙ্গে তিনি এসব সংসদ সদস্যের সাংবিধানিক গুরুত্ব নিয়েও মন্তব্য করেন। নিজের প্রাপ্ত ভোটের সংখ্যা উল্লেখ করে ফরিদা ইয়াসমিন সরাসরি কোনো ভোট পাননি বলেও মন্তব্য করেন তিনি।
একই বক্তব্যে কুষ্টিয়ার প্রশাসনের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও করেন আমির হামজা। জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সরকারি কর্মকর্তাদের জনগণের পছন্দের প্রতিনিধিদের পাশ কাটিয়ে কোনো বিশেষ গোষ্ঠীকে সুবিধা না দেওয়ার আহ্বান জানান তিনি।