ফেসবুকে নিজেকে ‘লেডি মীর জাফর’ হিসেবে উল্লেখ করে পোস্ট দেওয়ার অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে হাইকোর্টে অভিযোগ তুলেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ও আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ ও বিচারপতি নাসরিন আক্তারকে নিয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে একটি মামলার শুনানির সময় বিষয়টি উত্থাপন করেন তিনি।
ওই মামলায় আইনজীবী হিসেবে শুনানিতে অংশ নিতে আদালতে উপস্থিত ছিলেন রুমিন ফারহানা। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনার দায়িত্বে ছিলেন ডিএজি নজরুল ইসলাম ছোটন। মামলাটি শুনানির জন্য উঠলে রুমিন ফারহানা আদালতের দৃষ্টি আকর্ষণ করে ডিএজির ফেসবুক পোস্টের বিষয়টি জানান।
রুমিন ফারহানা আদালতকে বলেন, ব্যক্তিগত ক্ষোভ থেকে তাকে উদ্দেশ করে ওই পোস্ট দেওয়া হয়েছে। এ অবস্থায় তার মামলাগুলোতে নজরুল ইসলাম ছোটন যেন রাষ্ট্রপক্ষে শুনানি না করেন, সে বিষয়ে আদালতের হস্তক্ষেপ চান তিনি। ব্যক্তিগত বিরোধের কারণে রাষ্ট্রপক্ষের শুনানিতে তার বিরুদ্ধে পক্ষপাতমূলক অবস্থান নেওয়া হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন রুমিন।
এরপর হাইকোর্ট ওই মামলায় নজরুল ইসলাম ছোটনের পরিবর্তে সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাগর হোসেনকে রাষ্ট্রপক্ষে শুনানি করতে নির্দেশ দেন।
শুনানিতে সহকারী অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, মামলার আসামি একজন ‘অভ্যাসগত অপরাধী’ এবং তার বিরুদ্ধে ইয়াবা-সংক্রান্ত আরও ১১টি মামলা রয়েছে। পরে মামলাটির পরবর্তী শুনানি অবকাশের পর করার আদেশ দেন হাইকোর্ট।
এদিকে ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়েও লিখিত অভিযোগ করেছেন রুমিন ফারহানা।
অভিযোগে তিনি বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী নজরুল ইসলাম ছোটন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ১১ সেপ্টেম্বর তাকে উদ্দেশ করে আপত্তিকর ও মানহানিকর বক্তব্যসংবলিত একটি পোস্ট দেন। সেখানে তাকে ‘লেডি মীর জাফর’ হিসেবে অভিহিত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
রুমিন ফারহানার দাবি, একজন দায়িত্বশীল সরকারি আইন কর্মকর্তার কাছ থেকে এ ধরনের বক্তব্য একজন নারী ও জনপ্রতিনিধি হিসেবে তার জন্য অপমানজনক। একই সঙ্গে এতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের ভাবমূর্তি এবং পেশাগত মর্যাদাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে, কোনো রাজনৈতিক দলের নয়। তাই রাষ্ট্রপক্ষের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের বক্তব্য দেওয়া গ্রহণযোগ্য নয় বলে মনে করেন রুমিন।
বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে বিভাগীয় তদন্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অ্যাটর্নি জেনারেলের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।