ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় রাখা পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর একটি ছবি ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি জিন্নাহর ছবির সামনে গিয়ে ‘ছি ছি জিন্নাহ’ বলে ছবিটি ভেঙে ফেলছেন। একপর্যায়ে ছবিতে থুথু দিতেও দেখা যায় তাকে। তবে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সংস্কারকাজ শেষে রোববার (১৩ সেপ্টেম্বর) ডাকসুর সংগ্রহশালাটি পুনরায় চালু করা হয়। সেখানে অন্যান্য নিদর্শনের সঙ্গে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর আলোচিত ছবিটিও রাখা হয়েছিল।
এর একদিন আগে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে জিন্নাহর একটি সাদাকালো প্রতিকৃতি প্রকাশ করা হয়। পোস্টে তার জন্ম ও মৃত্যুর তারিখ ২৫ ডিসেম্বর ১৮৭৬ থেকে ১১ সেপ্টেম্বর ১৯৪৮ উল্লেখ করা হয়।
পোস্টে জিন্নাহকে উপমহাদেশের অন্যতম রাজনীতিবিদ, দ্বিজাতিতত্ত্বের প্রবক্তা, পাকিস্তান রাষ্ট্রের অন্যতম স্বপ্নদ্রষ্টা এবং দেশটির প্রথম গভর্নর জেনারেল হিসেবে উল্লেখ করে তার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে তাকে ব্রিটিশবিরোধী আন্দোলনের একজন প্রভাবশালী নেতা হিসেবেও বর্ণনা করা হয়।
জিন্নাহকে এভাবে স্মরণ করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহলে সমালোচনা ও আলোচনা তৈরি হয়েছিল। এর মধ্যেই ডাকসু সংগ্রহশালায় রাখা তার ছবিতে ভাঙচুরের ঘটনা ঘটল।