রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে চলমান আলোচনা ও গুঞ্জনের মধ্যেই থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার (২৪ জুলাই) দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের একটি সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
সূত্র জানায়, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে স্পিকারের। গত ১৯ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকক সফরে যান তিনি। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও সরকারের উচ্চপর্যায়ের অনুরোধে সফর সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানিয়েছে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট সূত্র।
সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে আলোচনার প্রেক্ষাপটে স্পিকারকে দ্রুত দেশে ফিরতে অনুরোধ করা হয়েছে। তিনি বলেন, বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে এবং শুক্রবারের মধ্যেই পরিস্থিতি আরও পরিষ্কার হতে পারে।
বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। এছাড়া সংবিধানের ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
এদিকে সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।