ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী **ডা. মানিক সাহা** বাংলাদেশের প্রধানমন্ত্রী **তারেক রহমান**কে উপহার হিসেবে ৬০০টি ‘কিউ’ জাতের আনারস পাঠিয়েছেন। বুধবার (২৯ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ১০০টি কার্টনে করে এসব আনারস বাংলাদেশে পৌঁছায়।
জানা গেছে, এগুলো ত্রিপুরার বিখ্যাত ‘কিউ’ জাতের সুমিষ্ট আনারস। গত ৩০ জুন বাংলাদেশ সরকার ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে দেশের জনপ্রিয় **আম্রপালি** ও **হাঁড়িভাঙ্গা** জাতের আম উপহার পাঠিয়েছিল। সেই উপহারের প্রতিদান হিসেবেই এই আনারস পাঠানো হয়েছে।
বুধবার আখাউড়া-আগরতলা স্থলবন্দরের জিরো পয়েন্টে ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব **অপূর্ব রায়**, উদ্যান ও ভূমি সংরক্ষণ বিভাগের পরিচালক **ড. ফণিভূষণ জমাতিয়া** এবং আগরতলা কাস্টমসের সুপারিনটেনডেন্ট **দেবাশীষ নন্দী** চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তা **পঙ্কজ জ্যোতি দাস** ও **সজীব চক্রবর্তী**র কাছে উপহারের আনারস হস্তান্তর করেন।
জানা যায়, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে এই উপহার তুলে দেবেন।
ত্রিপুরা সরকারের কর্মকর্তারা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম উপহার পাঠিয়েছিলেন। সৌজন্যের নিদর্শন হিসেবে তারই প্রতিদানে এই আনারস পাঠানো হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের শুভেচ্ছা বিনিময় দুই দেশের জনগণের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করবে।