মৎস্য চাষের লাইসেন্স ব্যবহার করে ডলার কেনাবেচার অভিযোগ

দে
রবি মিয়া
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৮
মৎস্য চাষের লাইসেন্স ব্যবহার করে ডলার কেনাবেচার অভিযোগ


নোয়াখালীর বেগমগঞ্জে মৎস্য চাষের ট্রেড লাইসেন্সের আড়ালে অনলাইনে বিদেশি মুদ্রা ও ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অভিযোগ উঠেছে কাতারপ্রবাসী মহিউদ্দিনের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে অনলাইনে মার্কিন ডলার ক্রয়-বিক্রয়ের বিজ্ঞাপন প্রচার এবং সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগও তোলা হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মহিউদ্দিন।



জানা যায়, মহিউদ্দিন বেগমগঞ্জ উপজেলার ঘটলা গ্রামের আবু তাহের ও জিন্নত আরার ছেলে। তিনি বর্তমানে কাতারে অবস্থান করছেন। অভিযোগ রয়েছে, মৎস্য চাষের জন্য নেওয়া ট্রেড লাইসেন্স ব্যবহার করে তিনি অনলাইনে বৈদেশিক মুদ্রা কেনাবেচার কার্যক্রম পরিচালনা করছেন।



অভিযোগ অনুযায়ী, মহিউদ্দিনের ব্যবহৃত বলে দাবি করা একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে মার্কিন ডলার (USD) ক্রয়-বিক্রয়সংক্রান্ত বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। সেখানে নিজেকে ‘প্রফেশনাল মার্চেন্ট’ হিসেবেও পরিচয় দেওয়া হয়েছে বলে দাবি করা হয়। অভিযোগ সংশ্লিষ্ট কিছু তথ্যপ্রমাণ সংগ্রহের কথাও জানিয়েছেন সংবাদটির তথ্যদাতারা। তবে এসব তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।



এদিকে অনলাইনভিত্তিক এসব লেনদেনের মাধ্যমে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। তবে প্রকৃতপক্ষে কোনো রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে কি না কিংবা অভিযোগের সঙ্গে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ছাড়া নিশ্চিত করা সম্ভব নয়।



এ বিষয়ে মহিউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি কোনো ক্রিপ্টোকারেন্সি ব্যবসা করি না এবং আমার কোনো কারেন্ট অ্যাকাউন্টও নেই। আমি তো ২০১৮ সাল থেকে মাছের পোনা উৎপাদন ও সরবরাহ করি। এগুলোর সঙ্গে আমি জড়িত না।’



অন্যদিকে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, এ ধরনের অনিয়ম থেকে সবাইকে দূরে থাকা প্রয়োজন। অবৈধ লেনদেন ও রাজস্ব ফাঁকির কারণে সরকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই অভিযোগগুলো যথাযথভাবে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা উচিত।



তাঁরা আরও বলেন, বৈদেশিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে দেশের প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলা জরুরি। এ ধরনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে এবং জনমনে তৈরি হওয়া বিভ্রান্তিও দূর হবে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য