মির্জা ফখরুলকে দেশের ২৩তম রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১৫:২২
মির্জা ফখরুলকে দেশের ২৩তম রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন


দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।


বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় এ প্রজ্ঞাপন জারি করা হয়।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ধারা ১১ অনুযায়ী নির্বাচনী কর্তা ও নির্বাচন কমিশনারের ঘোষণা এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর বিধি ১২(৬) অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হলো।


দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে ভোট গণনা শেষে মির্জা ফখরুলকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।


নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫টি ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পেয়েছেন ৮৮টি ভোট।


ভোটের ফল অনুযায়ী, মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে সর্বোচ্চ ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হন।


এর আগে বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। প্রথমদিকে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম), প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


পরে বিকেল ৫টা পর্যন্ত একে একে সংসদ সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে সংসদ কক্ষেই ব্যালট গণনা করা হয় এবং ফল ঘোষণা করা হয়।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য