একটি সুখী, সমৃদ্ধ ও জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, তিনি এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেন, যেখানে প্রান্তিক ও শ্রমজীবী মানুষ নিরাপদে জীবনযাপন করতে পারবেন, তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং নারীরা আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পাবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি কল্যাণমুখী রাষ্ট্র নির্মাণ সম্ভব বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, মানুষের অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রামে পাশে থাকার সুযোগ পাওয়া তার জন্য অত্যন্ত অর্থবহ। একই সঙ্গে দলের নেতৃত্ব, গণমাধ্যমকর্মী ও সর্বস্তরের মানুষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করে মির্জা ফখরুল তার রাজনৈতিক জীবনের বিভিন্ন স্মৃতিও তুলে ধরেন। এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান এবং তার কাছ থেকে পাওয়া দিকনির্দেশনার কথা আবেগভরে স্মরণ করেন তিনি।
ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে দীর্ঘ পথচলায় বিভিন্ন দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথাও তার বক্তব্যে উঠে আসে।