জামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দেওয়ার আহ্বান প্রতিমন্ত্রী নূরের

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১২:০৯
জামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দেওয়ার আহ্বান প্রতিমন্ত্রী নূরের

জামায়াতে ইসলামী বাংলাদেশের নাম থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, জামায়াত সুযোগ পেলে আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে।


বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের একটি কেবিনে কুষ্টিয়ায় জামায়াত-শিবির ও গণঅধিকার পরিষদের সংঘর্ষে আহত ছাত্র অধিকার পরিষদ নেতা সোহানুর রহমান সোহানকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।


নুরুল হক নূর বলেন, জামায়াতে ইসলামী নামের সঙ্গে ‘ইসলাম’ শব্দ ব্যবহার করে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। তাদের নৈতিক চরিত্রের অবক্ষয় হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।


তিনি বলেন, ১৯৭১ সালের গণহত্যা, লুটপাট ও ধর্ষণের অভিযোগের কারণে জামায়াত-শিবিরকে আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ করে গিয়েছিল। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। এখন একটি নির্বাচিত সরকার ক্ষমতায় থাকায় বিষয়টি নতুন করে ভাবা প্রয়োজন।


প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে জামায়াত-শিবিরের মতো উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করার কথাও বলেন প্রতিমন্ত্রী। তার মতে, তা না হলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি সংকটে পড়তে পারে।


নুরুল হক নূর আরও অভিযোগ করেন, জামায়াতে ইসলামী সরকারে যাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করছে এবং সরকার ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যেই সরকারের বিরুদ্ধে বিরক্তিকর বক্তব্য দেওয়া শুরু করেছে।


তিনি জামায়াতের কয়েকজন সংসদ সদস্যের বক্তব্য ও কর্মকাণ্ডের সমালোচনা করেন। বিশেষ করে নারী সংসদ সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে মন্তব্যের অভিযোগ তুলে তিনি বলেন, এসব বক্তব্যের পরও জামায়াত সংশ্লিষ্ট ব্যক্তিদের সমর্থন করছে।


সাতক্ষীরার সংসদ সদস্য নজরুল ইসলামের কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে নূরুল হক নূর বলেন, এসবের পরও জামায়াত নিজেদের ইসলামী দল হিসেবে দাবি করলে তা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক।


তিনি বলেন, জামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দেওয়া উচিত।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য