নীলফামারীর কিশোরগঞ্জে গোলাম এলাহী লাবু (২০) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কেশবা কলেজপাড়া গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত লাবু ওই গ্রামের গোলাম রব্বানী ওরফে বাদশার ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট দুপুরে খাবার খেয়ে লাবু নিজের শয়নকক্ষে গিয়ে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন।পরিবারের সদস্যদের সঙ্গে তার বনিবনা কম থাকায় পরে কেউ তার খোঁজখবর নেননি। বৃহস্পতিবার সকালে তার ঘর থেকে দুর্গন্ধ বের হলে পরিবারের সদস্যদের সন্দেহ হয়।
এ সময় তার বাবা-মা দরজায় ধাক্কা দিয়ে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে ছোট ভাই ঘরের ছাউনি খুলে ভেতরে তাকালে লাবুর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।