নীলফামারীর কিশোরগঞ্জে সহপাটিদের সঙ্গে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে হ্যাপি মনি নামের ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলা রনচন্ডি ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে এ মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিশু ওই গ্রামের সাদিকুল ইসলামের মেয়ে।স্থানীয়রা জানায়,নিহত হ্যাপি মনি দুপুরে কয়কজন সহপাঠিদের সঙ্গে খেলার জন্য বাড়ির অদূরে তার পিতার পুকুর পাড়ে যায়। এসময় সে পুকুরের পানিতে পরে তলিয়ে যায়। সহপাঠিরা এমন অবস্থা দেখতে পেয়ে ডাক চিৎকার দেওয়ার পাশাপাশি হ্যাপি মনির বাড়িতে খবর দেয়।
খবর পেয়ে তার পরিবারের লোকজনসহ আশেপাশের বাসিন্দারা মিলে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পানির তলদেশ থেকে হ্যাপি মনির নিথর দেহ উদ্ধার করেন। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আব্দুল গফুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।