সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের তাৎক্ষণিক পদক্ষেপ ও ফায়ার সার্ভিসের দ্রুত অভিযানে আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। আগুন নেভানোর সময় ঘন ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ফায়ার সার্ভিসের ৮ থেকে ১০ জন সদস্য।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে হাসপাতালের বেজমেন্টে থাকা একটি যন্ত্রে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ভবনের বিভিন্ন তলায় ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়লে আতঙ্ক সৃষ্টি হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, ঘটনার সময় হাসপাতালে ৫০ থেকে ৬০ জন রোগী ভর্তি ছিলেন। তাঁদের মধ্যে আইসিইউর রোগী ও চারজন নবজাতকও ছিল। চিকিৎসক, নার্স ও কর্মচারীদের তৎপরতায় সবাইকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। লিফটে আটকে পড়া ব্যক্তিদেরও নিরাপদে উদ্ধার করা হয়।
ধোঁয়ার কারণে কয়েকটি কেবিনে শ্বাসকষ্টের পরিস্থিতি তৈরি হলে রোগীর স্বজনরা বাতাস চলাচলের জন্য কাচ ভেঙে দেন। এ সময় ভাঙা কাচে আহত হন হাসপাতালের সহকারী প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। উদ্ধার অভিযানের সময় ধোঁয়ার প্রভাবে ৮ থেকে ১০ জন ফায়ার সার্ভিস সদস্য অসুস্থ হয়ে পড়েন। তাঁদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পর সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান, পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া জেলা বিএনপির নেতা ও জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব এবং অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলীও ঘটনাস্থলে যান।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে। পুলিশও জানিয়েছে, এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।