নদীর তলদেশে পাইপ ফুটো করে তিতাসের গ্যাস চুরি, এলাকাজুড়ে আতঙ্ক

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ১৪:৩৫
নদীর তলদেশে পাইপ ফুটো করে তিতাসের গ্যাস চুরি, এলাকাজুড়ে আতঙ্ক

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের কাজীরচর এলাকায় আড়িয়ালখাঁ নদীর তলদেশ দিয়ে যাওয়া তিতাস গ্যাসের উচ্চচাপ সঞ্চালন পাইপলাইনে লিকেজ দেখা দিয়েছে। প্রায় দেড় মাস ধরে চলা এই লিকেজে বিপুল পরিমাণ গ্যাস অপচয়ের পাশাপাশি নদীপাড়ের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।


স্থানীয়রা জানান, প্রায় দেড় মাস আগে নদীর পানির নিচে ছোট ছোট বুদবুদ দেখা যায়। তবে গত এক সপ্তাহ ধরে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। প্রবল চাপে পাইপলাইন থেকে গ্যাস বের হয়ে নদীর পানি উতলে উঠছে এবং আশপাশে ছড়িয়ে পড়ছে তীব্র গ্যাসের গন্ধ।


স্থানীয়দের অভিযোগ, নদীর তলদেশে থাকা পাইপলাইন ছিদ্র করে পাশের একটি চুনাপাথর কারখানায় অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার চেষ্টা করা হয়েছিল। নদীতে পানি বেড়ে যাওয়ায় সেই চেষ্টা ব্যর্থ হলেও পাইপলাইনে তৈরি হওয়া ছিদ্র দিয়ে একটানা গ্যাস বের হচ্ছে।


এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


এরই মধ্যে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ওই কারখানা উচ্ছেদ করেছে। এ সময় তিনটি চুল্লি ভেঙে দেওয়া হয় এবং মজুত চুনাপাথর জব্দ করা হয়েছে।


তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক তদন্তে অবৈধ সংযোগ নেওয়ার চেষ্টায় পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। নদীতে পানির উচ্চতা ও স্রোত বেশি থাকায় মেরামতকাজে কিছুটা সমস্যা হলেও দ্রুত লিকেজ বন্ধের কাজ চলছে। একই সঙ্গে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


স্থানীয়দের আশঙ্কা, দীর্ঘদিন ধরে গ্যাস লিকেজ চলতে থাকায় শুধু রাষ্ট্রীয় সম্পদের অপচয় নয়, বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হয়েছে। তাই দ্রুত পাইপলাইন মেরামত, গ্যাসের অপচয় বন্ধ এবং ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য