ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে লাখো মানুষের সমাগম হয়েছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শোকানুষ্ঠানে অংশ নিতে আসা মানুষের ঢলে কমপ্লেক্সমুখী প্রায় সব সড়কই জনসমুদ্রে পরিণত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রার্থনা কক্ষের মূল ফটক খোলার কয়েক ঘণ্টা আগেই বিপুলসংখ্যক শোকাহত মানুষ মোসাল্লা কমপ্লেক্সের সামনে জড়ো হতে শুরু করেন। ভোরে ফজরের আজানের সময় উপস্থিতির চাপ এতটাই বেড়ে যায় যে, কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের আগেই কমপ্লেক্সের দরজা খুলে দিতে বাধ্য হয়। এতে বাইরে অপেক্ষমাণ হাজারো মানুষ দ্রুত ভেতরে প্রবেশ করে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও ছবিতে দেখা গেছে, কালো পোশাক পরিহিত হাজারো মানুষ ইরানের জাতীয় পতাকা, খামেনির প্রতিকৃতি এবং শোকের ব্যানার হাতে নিয়ে কমপ্লেক্সের আশপাশে অবস্থান করছেন।
ইতোমধ্যেই গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সের ভেতর এবং আশপাশের পুরো এলাকা শোকাহত মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। প্রয়াত এই নেতাকে শেষ বিদায় জানাতে সেখানে তৈরি হয়েছে গভীর শোক ও আবেগঘন পরিবেশ।