বুটেক্সে অনুষ্ঠিত হলো ‘কার্পে ডিয়েম ১.০’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

দে
বুটেক্স প্রতিনিধি
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ১৪:৩৪
বুটেক্সে অনুষ্ঠিত হলো ‘কার্পে ডিয়েম ১.০’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যারিয়ার ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতা ‘কার্পে ডিয়েম ১.০’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। 


আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে এটি অনুষ্ঠিত হয়।  



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বুটেক্স ক্যারিয়ার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মোস্তাহিদ হোসেন খন্দকার। শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও সৃজনশীল মেধার বিকাশে আয়োজিত এ প্রতিযোগিতার বিভিন্ন পর্ব অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে সম্পন্ন হয়। গত ১৬ সেপ্টেম্বর আইকিউ কুইজ এবং ১৭ সেপ্টেম্বর স্পিচ বিভাগের প্রতিযোগিতা অফলাইনে অনুষ্ঠিত হয়। এছাড়া অন্যান্য বিভাগের প্রতিযোগিতা অনলাইনে সম্পন্ন হয়।



প্রতিযোগিতায় এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী তাহসিন আজাদ কলি, ঐশী রানী সরকার ও মোসা. ইসরাত জাহান মুন্নির সমন্বয়ে গঠিত দল ‘দ্য আউটকাস্টস’ বিজয়ী হয়। অন্যদিকে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী মো. মাহমুদুল হাসান উৎস, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অভি ইসলাম ও একই বিভাগের সিরাজুল ইসলাম সোহানের দল ‘১০২ টেলসরানার্স’ আপ হয়।



অনুষ্ঠানের বিশেষ অতিথি মো. মোস্তাহিদ হোসেন খন্দকার প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্টের ওপর গুরুত্বারোপ করে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “বর্তমানে প্রফেশনাল ফিল্ডে অ্যাকাডেমিক ডিগ্রি একটি সুযোগ এনে দিবে। কিন্তু ক্যারিয়ারে সফল হওয়ার জন্য প্রধান ভূমিকা রাখবে অ্যাকাডেমিক শিক্ষার বাইরের সফট স্কিল ও আধুনিক প্রযুক্তির দক্ষতা। পড়াশোনার পাশাপাশি লিডারশিপ, ম্যানেজমেন্ট ও কমিউনিকেশনের মতো সফট স্কিলগুলো অর্জন করতে হবে, যা হাজারো মানুষের ভিড়ে আলাদাভাবে পরিচিত করবে।“



তিনি আরও বলেন, “প্রতিযোগিতায় জয়-পরাজয়ের চেয়েও বড় বিষয় হলো শিখতে পারা এবং ইন্ডাস্ট্রির সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ বজায় রাখা।”



বুটেক্স ক্যারিয়ার ক্লাবের সভাপতি ফাহাদ হোসেন ইমন বলেন, “কার্পে ডিয়েম ১.০ ছিল শিক্ষার্থীদের একাডেমিক গণ্ডির বাইরে নিজেদের প্রতিভা, সৃজনশীলতা ও দক্ষতা প্রকাশের একটি প্ল্যাটফর্ম। আজকের পুরস্কার শুধু বিজয়ীদের অর্জনের স্বীকৃতি নয়, বরং প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেক শিক্ষার্থীর পরিশ্রম ও প্রচেষ্টার স্বীকৃতি। আমরা বিশ্বাস করি, এই আয়োজনের পথ ধরে ভবিষ্যতে আরও বড় ও অর্থবহ আয়োজনের সুযোগ তৈরি হবে। আয়োজনটি সফল করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ।”



অনুষ্ঠানে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ী ও রানারআপ দলের হাতে সম্মাননা ট্রফি, মেডেল ও নগদ অর্থ তুলে দেন। চ্যাম্পিয়ন দল চার হাজার টাকা এবং রানারআপ দল দুই হাজার পাঁচশত টাকা অর্থ পুরস্কার পায়। এছাড়া একক ক্যাটাগরিগুলোর মধ্যে আইকিউ কুইজ, স্পিচ এবং সিভি মেকিং-এর বিজয়ীদের এক হাজার টাকা করে এবং কেস স্টাডি বিজয়ীকে এক হাজার পাঁচশত টাকা অর্থ পুরস্কার ও সনদ দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি বিভাগের শীর্ষ ১০ জন অংশগ্রহণকারীদের ক্লাবের পক্ষ থেকে সনদপত্র দেওয়া হয়।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য