ভারতের পশ্চিমবঙ্গ উপকূলের বঙ্গোপসাগরে নিখোঁজ একটি মাছ ধরার ট্রলার থেকে ৯ জন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ৬ জন জেলে নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
সোমবার সুন্দরবন থানা পুলিশ জানায়, গত ৪ জুলাই পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর মৎস্যবন্দর থেকে ১৫ জন জেলেকে নিয়ে একটি ট্রলার মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায়। বৈরী আবহাওয়ার মধ্যে ট্রলারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে সেটিকে নিখোঁজ ঘোষণা করা হয়। টানা আট দিনের অনুসন্ধানের পর দক্ষিণ ২৪ পরগনার বকখালি উপকূল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে বাঘেরচর এলাকায় ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়।
পরে বন বিভাগ ও ভারতীয় কোস্টগার্ডের যৌথ অভিযানে ট্রলারটি উদ্ধার করে উপকূলে আনা হয়। তল্লাশির সময় ট্রলারের ভেতর থেকে ৯ জন জেলের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর ট্রলারের মালিকপক্ষ ও মৎস্যজীবী সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধারকারীদের ধারণা, ট্রলারের ভেতরে বা আশপাশে আরও মরদেহ থাকতে পারে। তাই নিখোঁজ ৬ জেলেকে উদ্ধারে সমুদ্রে তল্লাশি অভিযান অব্যাহত রাখা হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ জেলেদের স্বজনরা উদ্বেগের মধ্যে তাদের সন্ধানের অপেক্ষায় রয়েছেন।