বিশ্বকাপ ফাইনালের আগে বায়ুদূষণ সতর্কতা, ধোঁয়ায় ঝুঁকিতে নিউইয়র্ক-নিউ জার্সি

বিশ্বকাপ ফাইনালের আগে বায়ুদূষণ সতর্কতা, ধোঁয়ায় ঝুঁকিতে নিউইয়র্ক-নিউ জার্সি


২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের আগে নিউইয়র্ক-নিউ জার্সি অঞ্চলে বায়ুদূষণ নিয়ে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। কানাডার বিভিন্ন অঞ্চলে চলমান দাবানল থেকে ছড়িয়ে পড়া ঘন ধোঁয়ার কারণে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের বাতাসের মান উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে। এর প্রভাব পড়েছে বিশ্বকাপ ফাইনালের ভেন্যু নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত মেটলাইফ স্টেডিয়াম-সংলগ্ন এলাকাতেও।

নিউইয়র্ক মহানগর এলাকার অংশ হওয়ায় মেটলাইফ স্টেডিয়ামও একই বায়ুদূষণের আওতায় রয়েছে। এ পরিস্থিতিতে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এক সংবাদ সম্মেলনে বলেন, কানাডার দাবানলের ধোঁয়া শহরের ওপর ছড়িয়ে পড়েছে এবং এটি শুধু অ্যাজমা, হৃদরোগী বা বয়স্কদের জন্য নয়, সবার স্বাস্থ্যের জন্যই ক্ষতিকর। তিনি বাইরে দীর্ঘ সময় অবস্থান, দৌড়ানো বা ভারী শারীরিক পরিশ্রম এড়িয়ে চলার পরামর্শ দেন।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোর বরাতে নিউইয়র্ক পোস্ট জানায়, দূষণ বিশেষজ্ঞ মাইকেল পেট্রোনির মতে, বর্তমান পরিস্থিতিতে নিউইয়র্কের দূষিত বাতাসে শ্বাস নেওয়া স্বাস্থ্যঝুঁকির দিক থেকে দিনে ১০টি সিগারেট খাওয়ার সমতুল্য হতে পারে। এ কারণে স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের যতটা সম্ভব ঘরের ভেতরে থাকার এবং প্রয়োজন হলে বাইরে মাস্ক ব্যবহার করার আহ্বান জানিয়েছে।

অন্যদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার অন্টারিওসহ বিভিন্ন অঞ্চলের দাবানলের ধোঁয়া টরন্টোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলেও ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি বিবেচনায় কানাডা ও যুক্তরাষ্ট্র—উভয় দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ জনগণকে অপ্রয়োজনীয়ভাবে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।

কানাডার পরিবেশ বিভাগ জানিয়েছে, দেশজুড়ে এখনও শত শত দাবানল জ্বলছে এবং এর উল্লেখযোগ্য অংশ এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফলে আগামী কয়েকদিন ধোঁয়ার প্রভাব অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে এখন পর্যন্ত ফিফা বা স্থানীয় আয়োজকদের পক্ষ থেকে বিশ্বকাপ ফাইনালের সূচি বা আয়োজন নিয়ে কোনো পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়নি। ফলে স্বাস্থ্য সতর্কতা জারি থাকলেও নির্ধারিত সময়েই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য