বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থী এসাইনমেন্টে শিক্ষকের নামের বানান ভুল করায় ৩০০ বার নিজের নাম লিখে আনার নির্দেশ পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী সাইদুল ইসলাম সাইদ এসাইনমেন্টে বিভাগের সহকারী অধ্যাপক মরিয়ম হাসনার নামের বানানে ভুল করেন। অভিযোগ অনুযায়ী, এ কারণে তাকে ৩০০ বার নিজের নাম লিখে আনতে বলা হয়।
পরে শিক্ষার্থী সাইদুল ইসলাম সাইদ নিজের ফেসবুক পোস্টে বিষয়টি তুলে ধরে জানান, "Morium"-এর পরিবর্তে "Morioum" লেখার মতো একটি বানান ভুলের কারণে তাকে পুরো বিষয়টি ৩০০ বার সংশোধন করতে হয়েছে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী ফেসবুকে এ নিয়ে মতামত দেন। বিভাগের সাবেক শিক্ষার্থী রেদোয়ান সরকার দাবি করেন, বিভাগে এ ধরনের অ্যাসাইনমেন্ট ও শিক্ষকদের আচরণ শিক্ষার্থীদের জন্য বিব্রতকর অভিজ্ঞতার সৃষ্টি করে।
অন্যদিকে, ইসরাত জাহান নামে এক শিক্ষার্থী শিক্ষকের পক্ষে মন্তব্য করে বলেন, তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থীর একজন শিক্ষক বা ফ্যাকাল্টি সদস্যের নাম ভুল লেখা উচিত নয় এবং বিষয়টি সামাজিক মাধ্যমে প্রকাশ করাও সমীচীন হয়নি।
এ বিষয়ে বক্তব্য জানতে সহকারী অধ্যাপক মরিয়ম হাসনার ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তার মন্তব্য পাওয়া যায়নি। ফলে অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।