এনআইডি সংশোধন সহজ করতে চার সদস্যের কমিটি গঠন ইসির

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ আগস্ট ২০২৬, ১২:২৮
এনআইডি সংশোধন সহজ করতে চার সদস্যের কমিটি গঠন ইসির




জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২ আগস্ট) এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক হাবিবা আখতারের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।


চিঠিতে বলা হয়, এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি কার্যক্রমকে সহজতর করতে আবেদনকারীদের দাখিল করা প্রমাণক ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাইয়ের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।


কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী)। সদস্য হিসেবে রয়েছেন উপপরিচালক (নিবন্ধন ও প্রবাসী) এবং সহকারী পরিচালক (মুদ্রণ ও বিতরণ ইউনিট)। সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন সহকারী পরিচালক (সংশোধন ও প্রতিস্থাপন)।


কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে—এনআইডি সংশোধনের আবেদন বিভিন্ন ধরনের পরিবর্তনের ভিত্তিতে শ্রেণিকরণ করা এবং প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণপত্রের তালিকা প্রণয়ন। এছাড়া, অপর্যাপ্ত কাগজপত্রের কারণে বাতিল হওয়া আবেদন পুনরায় যথাযথ প্রমাণকসহ জমা পড়লে তা নিষ্পত্তির বিষয়ে সুপারিশ করবে কমিটি।


এ ছাড়া আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য করণীয় নির্ধারণ, ইলেকট্রনিক পদ্ধতিতে আবেদন নিষ্পত্তির সময় সিএমএস (CMS) পোর্টালে প্রয়োজনীয় পরিবর্তনের বিষয়ে মতামত প্রদান এবং এনআইডি লক, আনলক ও রোলব্যাক সংক্রান্ত যৌক্তিকতা নির্ধারণেও সুপারিশ করবে এই কমিটি।


নির্বাচন কমিশনের সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদ অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৪৩ জন।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য