সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৯ জন, খুলনা বিভাগে ৮১ জন, ময়মনসিংহ বিভাগে ৩৬ জন, রাজশাহী বিভাগে ২৯ জন, রংপুর বিভাগে ১৬ জন এবং সিলেট বিভাগে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ১০৪ জনে। আক্রান্তদের মধ্যে ৬১ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৫ শতাংশ নারী।
এদিকে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে আরও অনেকে হাসপাতাল ছেড়ে যাওয়ায় চলতি বছরে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৯৩০ জন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ জনে।