মিরপুর-১০ মেট্রোস্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু, সাময়িকভাবে বন্ধ স্টপেজ

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, ০৮:১৩
মিরপুর-১০ মেট্রোস্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু, সাময়িকভাবে বন্ধ স্টপেজ

রাজধানীর মিরপুর-১০ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে একটি বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। ঘটনার পরপরই পুলিশ এলাকা ঘিরে রাখে এবং নিরাপত্তার স্বার্থে মিরপুর-১০ স্টেশনে মেট্রোরেলের যাত্রী ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।


শনিবার (১ আগস্ট) ডিএমপির মিরপুর বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার ফারজিনা নাসরিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে সন্দেহজনক একটি বস্তু পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।


পুলিশ সূত্রে জানা গেছে, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল ঘিরে ফেলা হয়। পাশাপাশি ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল বস্তুটি পরীক্ষা করে এটি বিস্ফোরক কি না, তা নিশ্চিত করবে।


এদিকে ডিএমপির তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৈশৈনু মারমা জানান, বেলা ১১টার পর একটি পরিত্যক্ত বস্তা পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বস্তার ভেতরে কী রয়েছে, তা নিশ্চিত না হওয়ায় বিশেষজ্ঞ দলের সহায়তা চাওয়া হয়েছে।


মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোস্তাক সরকার বলেন, এমআরটি পুলিশের তথ্যের ভিত্তিতে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিরাপত্তার কথা বিবেচনা করে আপাতত মিরপুর-১০ স্টেশনে মেট্রোরেলের স্টপেজ বন্ধ রাখা হয়েছে। সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরীক্ষা-নিরীক্ষা শেষে বস্তুটির প্রকৃতি সম্পর্কে নিশ্চিত করবে।


উল্লেখ্য, গত ২৪ জুলাই রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচেও একটি বিস্ফোরকসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছিল। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করে। ওই ঘটনায় একজন পথচারী আহত হন।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য