দুবাইয়ে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের শর্তসাপেক্ষ জামিন বাতিলের জন্য বাংলাদেশ সরকার একটি ল ফার্ম (আইনি পরামর্শক প্রতিষ্ঠান) নিয়োগ দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২ আগস্ট) বিকেলে রাজশাহী পুলিশ লাইন্সে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দুবাই আদালত থেকে বেনজীর আহমেদ শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন বলে আমরা জেনেছি। এ বিষয়ে দুবাইয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে। আদালতের জামিন আদেশের সত্যায়িত অনুলিপি সংগ্রহের চেষ্টা চলছে। একই সঙ্গে ওই জামিন আদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকার দুবাইয়ে একটি ল ফার্ম নিয়োগ দিয়েছে।”
তিনি আশা প্রকাশ করেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।
এর আগে, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) আইনি প্রক্রিয়া শেষে দুবাইয়ের কারাগার থেকে বেনজীর আহমেদ মুক্তি পান। বিষয়টি রোববার গণমাধ্যমে প্রকাশ্যে আসে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলার ভিত্তিতে ইন্টারপোল ও দুবাই পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। গত ১২ জুন এক চিঠির মাধ্যমে দুবাই পুলিশ বাংলাদেশ কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করে।
বেনজীর আহমেদের প্রত্যর্পণের লক্ষ্যে বাংলাদেশ সরকারের পাঠানো নথিপত্রের ওপর দুবাই আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। পরে আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন দেন। জামিনের শর্ত অনুযায়ী, তার পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে এবং আদালতের পূর্বানুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না।