রাজধানীর উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে।
রোববার (২ আগস্ট) ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়।
ডিএনসিসির দাবি, উত্তরখানের ৪৬ নম্বর ওয়ার্ডের রাজাবাড়ি এসটিএস এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের ওপর স্থানীয় কিছু ব্যক্তি হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং স্থানীয়দের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে যান ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন, পুলিশের উপ-কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সময় প্রশাসক ও সংসদ সদস্যের ওপরও হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে ডিএনসিসি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়ে কাজ করছেন।
এ বিষয়ে হামলার অভিযোগ বা সংঘর্ষের কারণ নিয়ে স্থানীয়দের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি নিয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।