নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকার সড়কে চালু হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ ‘পিংক বাস’ সেবা। এই বাসের যাত্রীদের পাশাপাশি চালক ও কন্ডাক্টরও থাকবেন নারী।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হচ্ছে।
প্রাথমিকভাবে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ১০টি পিংক বাস চলাচল করবে। নতুনবাজার-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা-জিপিও, মিরপুর-১০-মতিঝিল, মিরপুর-১২-মতিঝিল, মোহাম্মদপুর-মতিঝিল এবং আব্দুল্লাহপুর-মতিঝিলসহ বিভিন্ন রুটে এসব বাস চলবে। এছাড়া গাজীপুর-বিমানবন্দর রুটেও পিংক বাসের সেবা পাওয়া যাবে।
শুধু রাজধানী নয়, নারী যাত্রীদের জন্য বগুড়া ও চট্টগ্রামেও বিশেষ এই বাসসেবা চালু করা হচ্ছে।
বিআরটিসি জানিয়েছে, নারীদের জন্য আলাদা এই বাসসেবা গণপরিবহনে তাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়াতে ভূমিকা রাখবে। একই সঙ্গে পরিবহন খাতে নারীদের কর্মসংস্থান ও অংশগ্রহণ বাড়াতেও এই উদ্যোগ সহায়ক হবে বলে আশা করছে সংস্থাটি।