উল্টোপথে মন্ত্রীর গাড়ি, পুলিশের মামলা

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪
উল্টোপথে মন্ত্রীর গাড়ি, পুলিশের মামলা


উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে এক মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সার্কিট হাউস রোডে এ ঘটনা ঘটে।


ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সকাল ৯টা ৮ মিনিটের দিকে একটি পতাকাবাহী গাড়ি সার্কিট হাউস সড়কের উল্টো পথে সচিবালয়ের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাফিক পুলিশ গাড়িটি থামিয়ে দেয়। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৮-২১২৫।


পুলিশ জানায়, উল্টোপথে গাড়ি চালানো ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে চালক আরিফ হোসেনের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। প্রতিটি মামলায় ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। গাড়িটি ছিল রেঞ্জ রোভার।


ট্রাফিক কর্মকর্তারা জানান, গাড়িটি উল্টো পথে চলার সময় প্রধানমন্ত্রীর বহর পাশের সড়ক দিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল।


পরে খোঁজ নিয়ে জানা যায়, গাড়িটি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর। ঘটনার সময় মন্ত্রী গাড়িতে ছিলেন বলে জানা গেছে।


পুলিশ কর্মকর্তাদের দাবি, বাংলাদেশে কোনো মন্ত্রীর গাড়ি উল্টোপথে চলার ঘটনায় মামলা হওয়ার ঘটনা এটাই প্রথম। এর আগে যানজট এড়াতে বা দ্রুত গন্তব্যে পৌঁছাতে মন্ত্রী বা সচিবের গাড়ি উল্টোপথে চলার ঘটনা সংবাদমাধ্যমে এলেও মামলা হওয়ার নজির ছিল না।


পুলিশ কর্মকর্তারা বলছেন, এ ঘটনায় মামলা হওয়া দেশের শীর্ষ কর্মকর্তাদের ক্ষেত্রেও ট্রাফিক আইন সমানভাবে প্রয়োগের একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতে পারে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য