বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটির আন্ডারওয়াটার রোবট দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ আগস্ট ২০২৬, ১৩:৩২
বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটির আন্ডারওয়াটার রোবট দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

আন্তর্জাতিক 'মেট রভ ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬'-এ বিশ্বচ্যাম্পিয়ন হওয়া মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।


রোববার (২ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রধানমন্ত্রী বিজয়ী দলকে অভিনন্দন জানিয়ে গবেষণা, প্রযুক্তি উন্নয়ন এবং উদ্ভাবনী উদ্যোগে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।


প্রধানমন্ত্রী বলেন, তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর স্টার্টআপ গড়ে তুলতে সরকার সব ধরনের সহায়তা দেবে। তিনি তৈরি পোশাক শিল্পের পাশাপাশি সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস, ফার্নিচার ও কসমেটিকসসহ সম্ভাবনাময় খাতকে শক্তিশালী করে বহুমুখী রপ্তানিনির্ভর অর্থনীতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।


সাক্ষাতে এমআইএসটির শিক্ষার্থীরা জানান, তারা পড়াশোনা শেষে প্রযুক্তি খাতেই কাজ করতে চান এবং নিজেদের উদ্যোগে প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর স্টার্টআপ প্রতিষ্ঠায় সরকারের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে সেমিকন্ডাক্টর শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।


বৈঠকে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কে এম মোস্তাফিজুর রহমান এবং বিজয়ী দলের ১০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, গত ২৩ থেকে ২৯ জুন কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে অনুষ্ঠিত মেট রভ ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬-এ বিশ্বের ১৮টি দেশের ৮৮টি দলের সঙ্গে প্রতিযোগিতা করে এমআইএসটির 'এমআইএসটি ম্যাভিরভ' দল বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র রানারআপ এবং স্বাগতিক কানাডা তৃতীয় স্থান লাভ করে। উদ্ভাবনী চিন্তা, প্রকৌশল দক্ষতা, সমস্যা সমাধান এবং দলগত সমন্বয়ের ভিত্তিতে অর্জিত এই সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতার গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য