নারায়ণগঞ্জ প্রতিনিধি >১৫ আগস্টকে সামনে রেখে নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সম্ভাব্য নাশকতা ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় জেলার গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকাগুলোতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৫ আগস্ট উপলক্ষে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী, দুষ্কৃতকারী বা উগ্রবাদী গোষ্ঠীর সদস্যদের মাধ্যমে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে বিশেষ নজরদারি রাখা হচ্ছে।
নারায়ণগঞ্জসহ র্যাবের দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় বিভিন্ন অনুষ্ঠানস্থল, গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থান এবং আশপাশের এলাকায় তথ্য সংগ্রহ ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক পোস্ট, মন্তব্য বা ছবি প্রকাশের মাধ্যমে গুজব কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে র্যাব।
সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় বোম্ব ডিসপোজাল ইউনিটকেও প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি বিশেষ পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয়ের ব্যবস্থাও রাখা হয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় র্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।