১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা, পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১৩:৪৬
১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা, পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন



১৫ আগস্টকে সামনে রেখে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।


জেলা পুলিশের পাশাপাশি পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাব, এপিবিএনসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।


জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।


অন্যদিকে, টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের তিনটি গেট ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ, এপিবিএন এবং সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।


শুক্রবার (১৪ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর নেতৃত্বে যৌথ টহল বের করা হয়। এতে পুলিশ, র‍্যাব, বিজিবি ও এপিবিএনের সদস্যরা অংশ নেন।


টহলটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ এলাকায় যায়। পরে জেলা শহরে ফিরে এসে টহল শেষ হয়।


পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, ১৫ আগস্ট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না ঘটে, সে জন্য বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থাকবেন।


জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির সদস্যরা পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করবেন।


তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য