সুনির্দিষ্ট কোনো মামলা ছাড়া কাউকে শ্যোন অ্যারেস্ট, গ্রেপ্তার বা অন্যভাবে হয়রানি করা যাবে না—হাইকোর্টের দেওয়া এমন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে জারি করা রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের পৃথক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার **মো. রুহুল কুদ্দুস কাজল**।
শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল বলেন, আপিল বিভাগের স্থগিতাদেশের ফলে তদন্ত চলাকালে কোনো ব্যক্তির বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে, তাঁর নাম এজাহারে না থাকলেও তদন্তকারী কর্মকর্তা আদালতের কাছে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করতে পারবেন।
এর আগে হাইকোর্ট কয়েকজন আবেদনকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দিয়ে বলেছিলেন, যেসব ব্যক্তির বিরুদ্ধে কোনো মামলা নেই, তাদের শ্যোন অ্যারেস্ট, গ্রেপ্তার বা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না।
পাশাপাশি আদালত রুল জারি করে জানতে চান, আবেদনকারীদের বারবার শ্যোন অ্যারেস্ট দেখানো এবং হয়রানি, অপমান বা নিপীড়নের উদ্দেশ্যে গুরুতর প্রকৃতির মিথ্যা মামলায় জড়ানোর উদ্যোগ কেন বেআইনি, আইনগত কর্তৃত্ববহির্ভূত ও অকার্যকর ঘোষণা করা হবে না। একই সঙ্গে আবেদনকারীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলা না থাকলে তাদের শ্যোন অ্যারেস্ট, গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ কেন দেওয়া হবে না—তাও জানতে চান আদালত।
পরবর্তীতে হাইকোর্টের এসব আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সেই আবেদনের শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে এবং চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট রুল নিষ্পত্তির নির্দেশ দেন।