শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নেই, দাবি প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিভাগ: রাজনীতি রিপোর্টার: অনলাইন ডেস্ক 14 Jul 2026, 07:24 AM ⏱ পড়তে সময় লাগবে 1 মিনিট
শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নেই, দাবি প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বাংলাদেশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর রাজনৈতিক ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং সরকার তাকে দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণের চেষ্টা অব্যাহত রেখেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শেখ হাসিনা ‘ডিসেম্বরে দেশে ফিরবেন’ বলে মন্তব্য করেছেন—এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, “তার মৃত্যুদণ্ড হয়েছে। তিনি যদি আসেন, আমরা তাকে প্রত্যর্পণের মাধ্যমেও দেশে আনার চেষ্টা করছি। তিনি দেশে ফিরলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কূটনৈতিক ও আইনগত উদ্যোগ চালিয়ে যাচ্ছে। দেশে ফিরলে তার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম স্বচ্ছ ও প্রচলিত আইনের আওতায় পরিচালিত হবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দেশের জনগণ শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলার বিচার সম্পন্ন হতে দেখতে চায়। তিনি দাবি করেন, জনগণ আদালতের রায় কার্যকর হওয়ার প্রত্যাশাও করছে।

জাহেদ উর রহমান আরও বলেন, সরকার জনগণের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ছড়িয়ে দিতে চায়। তার ভাষ্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানে বিএনপিরও ভূমিকা ছিল এবং যথাযথ মর্যাদায় জুলাই মাসের কর্মসূচিগুলো পালন করা হবে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য