শেখ হাসিনাকে দ্রুত দেশে ফেরাতে চায় মানুষ: চিফ প্রসিকিউটর

বিভাগ: আইন আদালত রিপোর্টার: অনলাইন ডেস্ক 11 Jul 2026, 02:18 PM ⏱ পড়তে সময় লাগবে 1 মিনিট
শেখ হাসিনাকে দ্রুত দেশে ফেরাতে চায় মানুষ: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, আইনগতভাবে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বাংলাদেশে কোনো জায়গা নেই। তিনি বলেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা নয়, জনগণ যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় দেখতে চায়।

শনিবার (১১ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন বলে যে মন্তব্য করেছেন, তার প্রতিক্রিয়ায় চিফ প্রসিকিউটর এ বক্তব্য দেন।

আমিনুল ইসলাম বলেন, জুলাই শহীদদের হত্যাকাণ্ডের বিচার নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। তিনি আশ্বাস দিয়ে বলেন, জুলাই মাসের প্রতিটি ঘটনার বিচার নিশ্চিত করা হবে এবং এ বিষয়ে ট্রাইব্যুনালের কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম আরও গতিশীল হয়েছে। তদন্ত ও বিচারপ্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টরা কাজ করছেন।

বক্তব্যের শেষদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, বিচারিক প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি ছড়ানো থেকে সবাইকে বিরত থাকতে হবে এবং সঠিক তথ্যের ওপর নির্ভর করতে হবে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য