রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধিদল।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি, ভোটার তালিকা এবং পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তবে নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ এখনো নির্ধারণ করা হয়নি। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নির্বাচনের তফসিল ও দিনক্ষণ গেজেট আকারে প্রকাশ করা হবে।
তিনি জানান, আপাতত প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে এবং পরবর্তী সময়ে সাংবিধানিক ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।
রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি সম্পর্কে সিইসি বলেন, একাধিক প্রার্থী থাকলে ভোটগ্রহণের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে যদি একমাত্র বৈধ প্রার্থী থাকেন, তাহলে ভোটগ্রহণের প্রয়োজন হবে না এবং তাকেই নির্বাচিত ঘোষণা করা হবে।
এ সময় সাতক্ষীরা-৪ আসনের এক সংসদ সদস্যকে ঘিরে সাম্প্রতিক ঘটনার বিষয়ে প্রশ্ন করা হলে সিইসি বলেন, সংসদ সচিবালয় বিষয়টি নির্বাচন কমিশনের কাছে পাঠালে কমিশন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বিধান রয়েছে। এ লক্ষ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে।