জুলাই মাসে দেশে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৬২৯ জন। রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে ১৩৮ জনই মোটরসাইকেল চালক ও আরোহী। মোট নিহতের ৩৩ দশমিক ১৭ শতাংশ মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন।
নিহতদের মধ্যে ৫৭ জন নারী ও ৪৮ জন শিশু রয়েছেন। এ ছাড়া ১০৬ জন পথচারী এবং বিভিন্ন যানবাহনের ৫১ জন চালক ও সহকারী নিহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ে সবচেয়ে বেশি ১৩৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২৫ জন।
এদিকে একই সময়ে দেশে ১৩টি নৌ-দুর্ঘটনায় ৯ জন এবং ২৯টি রেলপথ দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন।
রোড সেফটি ফাউন্ডেশনের মতে, বেপরোয়া গতি, অদক্ষ চালক, ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাসহ বিভিন্ন কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে।
নিরাপদ সড়ক নিশ্চিত করতে মেয়াদোত্তীর্ণ যানবাহন প্রত্যাহার, দক্ষ চালক তৈরি এবং আধুনিক নিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক করার সুপারিশ করেছে সংগঠনটি।