‘জুলাই নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে সরকার’ বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (৫ আগস্ট) গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, ‘দেশের ৭০ শতাংশ জনগণের গণরায়কে অপমান বা উপেক্ষা করবেন না। আজ পর্যন্ত যারাই জনগণের রায় উপেক্ষা করেছে, তাদের পালাতে হয়েছে। আপনারা পালানোর পথও পাবেন না।’
তিনি আরও বলেন, ‘জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। কিন্তু বিচারের দৃশ্যমান কিছুই দেখা যাচ্ছে না। এই কৈফিয়ত সরকারপ্রধানকে দিতে হবে।’
এ সময় জামায়াত আমির অভিযোগ করেন, শিক্ষাঙ্গনে নতুন ইউনিফর্মে ফ্যাসিবাদ ফিরে এসেছে। ‘এই ফ্যাসিবাদ কোনোভাবেই সহ্য করা হবে না’ বলেও মন্তব্য করেন তিনি।
শফিকুর রহমান বলেন, সামগ্রিক পরিস্থিতি দেখে তার মনে হচ্ছে, ‘আরও একটি আন্দোলন আসন্ন।’ একই সঙ্গে নেতাকর্মীদের ‘নতুন ফ্যাসিবাদের’ বিরুদ্ধে লড়াই করার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন তিনি।