জামায়াত আমিরের নেতৃত্বে সচিবালয়ে মব সৃষ্টি করা হয়েছে: রাশেদ খাঁন

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ আগস্ট ২০২৬, ১৩:১১
জামায়াত আমিরের নেতৃত্বে সচিবালয়ে মব সৃষ্টি করা হয়েছে: রাশেদ খাঁন

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সচিবালয়ে মব সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ঝিনাইদহ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।


রাশেদ খাঁন বলেন, গণঅভ্যুত্থানের সময়ও সচিবালয়ে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়নি। কিন্তু গতকাল ‘সচিবালয় ঘেরাও’-এর নামে সেখানে মব তৈরি করা হয়েছে। জামায়াত একটি হঠকারী দল। সুযোগ পেলে তারা ১০ মিনিটের মধ্যে সচিবালয়ের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীকে বের করে দেবে।


তিনি আরও বলেন, গত ৫ আগস্ট জাতীয় কর্মসূচিতে বিদেশি কূটনীতিকদের সামনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বেও আরেকটি মব সৃষ্টি করা হয়। বিদেশি কূটনীতিকদের সামনে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।


রাশেদ খাঁন বলেন, ‘আওয়ামী লীগ যদি ফিরে আসে, তবে তা জামায়াত ও এনসিপির মাধ্যমে ফিরে আসবে। আর আওয়ামী লীগ ফিরে এলে আমাদেরও মারবে, তাদেরও মারবে।’


সবশেষে তিনি বলেন, ‘জামায়াতকে ক্ষমতায় যেতে হলে আরও ১০ বছর বিরোধী দলে থাকতে হবে।’


এ ছাড়া রাষ্ট্রপতি কে হচ্ছেন—গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে রাশেদ খাঁন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই এ বিষয়ে গণমাধ্যমকে জানাবেন।


এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এম এ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য