জামায়াতে ইসলামী ঢাকা জেলার উদ্যোগে সাভারে জুলাই যোদ্ধাদের সম্মাননা

দে
কাউসার আহমেদ
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১৬:৩২
জামায়াতে ইসলামী ঢাকা জেলার উদ্যোগে সাভারে জুলাই যোদ্ধাদের সম্মাননা



বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার উদ্যোগে সাভারে গণঅভ্যুত্থানে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।


শনিবার (১৫ আগস্ট) বিকেলে সাভারের থানা রোডের মামুন কমিউনিটি সেন্টারে ‘জুলাই বিপ্লব উপলক্ষে সম্মাননা ও ক্রেস্ট প্রদান-২০২৬’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা মো. দেলোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী আফজাল হোসেন। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীমসহ স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, নেতাকর্মী এবং গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের আত্মত্যাগ দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জানানো এবং আহতদের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। তাদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন তারা।


পরে গণঅভ্যুত্থানে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা।


অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে বোমা উদ্ধারের ঘটনা নিয়েও কথা বলেন সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। তিনি বলেন, “যেখানে বোমা পাওয়া যাচ্ছে, সেখানে বাড়িওয়ালা জানে না, কেউ জানে না। সেখানে হঠাৎ করে ঘেরাও করে রাখা হচ্ছে। আগে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে, তারপর সেখানে একটি বোমা পাওয়া যাচ্ছে। এই পদ্ধতির মধ্যে আমাদের সন্দেহ আছে।”


তিনি আরও বলেন, সরকার নিজেই এসব ঘটনা করছে কি না—এমন প্রশ্ন মানুষের মধ্যে তৈরি হয়েছে। একই সঙ্গে সরকারের গোয়েন্দা সংস্থাগুলো কীভাবে এসব বিষয়ে আগে থেকে জানতে পারছে না, সে প্রশ্নও তোলেন তিনি।


অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের পাশাপাশি জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য